'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।
আলোচনা সভা শেষে বিভিন্ন সমিতির ৭৩ জন উপকারভোগীর মাঝে মোট ৫৯ লাখ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান ফরহাদ এবং উপজেলা বিআরডিবির কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঋণ সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









