সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় 'Eskuf' সিরাপ জব্দ করা হয়েছে।
গত সোমবার (০৬ জুলাই ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে চৌকা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস হতে আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান চালিয়ে আরও ৭০ বোতল একই ধরনের সিরাপ জব্দ করতে সক্ষম হয়।
বিগত ৩ মাসের পরিসংখ্যান:
মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ১১,২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি’র এমন কঠোর ও চোখা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









