বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সড়কপথে বগড়া থেকে রংপুর যাওয়ার পথে তিনি পীরগঞ্জে আবু সাঈদের গ্রামের বাড়িতে থামেন এবং দলীয় নেতাদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন।
বিএনপি চেয়ারম্যান কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা।
এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি প্রচারণার জন্য বগুড়া থেকে সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশ্যে গাড়িবহরে রওয়ানা দেন তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









