যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মুনসেফপুর ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একই এলাকার শফিয়ার শেখ (৩৮) জড়িত বলে অভিযোগ উঠেছে। নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবের ওপর হামলা চালান একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ। এ সময় হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার পর শফিয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয় নয়ন হোসেন জানান, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ারও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলছিল। তারা দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘‘মুনসেফপুরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে। ঘটনার কারণ এবং জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









