বর্ষার দিনে গরম গরম ভুনা খিচুড়ির স্বাদ যেন অন্যরকম। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু ও ঝরঝরে ভুনা খিচুড়ি। সঙ্গে ডিম ভাজি, গরু বা মুরগির মাংস কিংবা গরুর ভুনা থাকলে তো কথাই নেই। জেনে নিন সহজ রেসিপি।
উপকরণ
- আতপ চাল – ২ কাপ
- মুগ ডাল – ১ কাপ (অথবা চালের অর্ধেকের একটু কম)
- পেঁয়াজ কুচি – ১ কাপ
- আদা বাটা – ১ টেবিল চামচ
- রসুন বাটা – ১ টেবিল চামচ
- দারুচিনি – ২ টুকরা
- এলাচ – ৪টি
- তেজপাতা – ২টি
- হলুদ গুঁড়া – আধা চা চামচ
- মরিচ গুঁড়া – আধা চা চামচ
- ধনে গুঁড়া – আধা চা চামচ
- জিরা গুঁড়া – আধা চা চামচ
- গরম মসলা গুঁড়া – আধা চা চামচ
- কাঁচা মরিচ – ৮টি
- লবণ – দেড় চা চামচ (স্বাদমতো)
- সরিষার তেল – পরিমাণমতো
- গরম পানি – প্রয়োজনমতো
- ঘি – ১-২ চা চামচ (পরিবেশনের সময়)

যেভাবে তৈরি করবেন
প্রথমে আতপ চাল ও মুগ ডাল ভালোভাবে ধুয়ে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে একটি বড় পাত্রে চাল-ডালের সঙ্গে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা ও গরম মসলার গুঁড়া, দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচা মরিচ, লবণ এবং পরিমাণমতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিন।
এবার একটি কড়াই বা ভারী তলাযুক্ত হাঁড়িতে সামান্য সরিষার তেল গরম করে মাখানো চাল-ডাল ঢেলে মাঝারি আঁচে ৫-৭ মিনিট নেড়ে হালকা ভেজে নিন। এতে খিচুড়ি আরও ঝরঝরে ও সুগন্ধি হবে।
এরপর প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। মাঝেমধ্যে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। আঁচ কমিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। চাল ও ডাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখুন।
সবশেষে সামান্য ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে ডিম ভাজি, গরু বা মুরগির মাংস, গরুর ভুনা, আচার কিংবা বেগুন ভাজার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









