রংপুরের গঙ্গাচড়া উপজেলা খাদ্য গুদামে সরকারি ধান সংগ্রহে অনিয়ম, দুর্নীতি ও উৎকোচ বাণিজ্যের অভিযোগের পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার স্বাক্ষরিত এক পত্রে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. উম্মে কুলছুমা খাতুনকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে ৭ জুলাই আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আখতার রহমান ইউএনওর কাছে এ-সংক্রান্ত লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের কথা থাকলেও বাস্তবে স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট ও চালকল মালিকদের মাধ্যমে ধান কেনা হচ্ছে। ফলে সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষকেরা।
লিখিত অভিযোগে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম খানের বিরুদ্ধে কৃষকদের ধান গ্রহণে অনীহা, নানা অজুহাতে হয়রানি এবং ব্যবসায়ীদের কাছ থেকে ধান সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি প্রতি টনে কয়েক হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারী আরো দাবি করেন, এসব অনিয়মে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকেরও সংশ্লিষ্টতা রয়েছে। ধান সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা যাচাই করলে প্রকৃত চিত্র উঠে আসবে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, সরকারি গুদামে ধান বিক্রির জন্য নিবন্ধন করেও তারা ধান সরবরাহের সুযোগ পাননি। বারবার যোগাযোগ করেও ব্যর্থ হয়ে অনেকে শেষ পর্যন্ত কম দামে খোলা বাজারে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, বিপরীতে কিছু ব্যবসায়ী সহজেই ধান সরবরাহের সুযোগ পেয়েছেন।
স্থানীয়দের দাবি, শুধু লিখিত ব্যাখ্যা নয়, ধান সরবরাহকারীদের তালিকা, কৃষক নিবন্ধনের তথ্য, গুদামে জমা হওয়া ধানের উৎস, অর্থ লেনদেনের রেকর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। লিখিত জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









