শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে মন্ত্রীকে স্বাগত ও অভ্যর্থনা জানান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
এ সময় ববি উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ বলেন, ‘‘এই প্রোগ্রামের বৃক্ষরোপণ কর্মসূচি সহ আমরা শিক্ষার্থীদের মাধ্যমে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি করব। আমরা জনাব তারেক রহমানের এই কর্মসূচির অংশ হব।”
পরে বেলা ১২টা ১০ মিনিটের দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আম গাছের চারা রোপণ করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘সরকারে পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে, রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটি প্রক্রিয়া নয় রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনেরও একটি প্রক্রিয়া। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেটি প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি প্রমাণ করেছেন।” তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘‘তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে শহীদ জিয়ার রাজনীতিকে প্রতিষ্ঠিত করে চলেছেন। যার প্রমাণ রাজপথের সংগ্রাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মসূচি এবং বুদ্ধিজীবীদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র মেরামতের কর্মসূচি প্রণয়ন। এসব কাজের মধ্য দিয়েই তিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।”
পরে প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই। তিনি দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের এ অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কার্ড দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই সফর। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তিনি বরিশালকে বেছে নিয়েছেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









