ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর সমালোচনা শুরু হলে তাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে জহিরুল ইসলামকে সংগঠনের সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা জহিরুল ইসলাম।
এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ‘‘বর্তমান প্রযুক্তির যুগে নানা ধরনের অপব্যবহারের সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে সাময়িকভাবে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও সঠিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।’’
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, জহিরুল ইসলামের মাদক সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জহিরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে। বিষয়টি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য পরবর্তী সময়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটির তদন্তের ভিত্তিতেই তার বিষয়ে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









