কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিস, উখিয়া উপজেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা থাকবেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত, আগুন ছড়িয়ে পড়ার কারণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।’’
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আব্দুল মান্নান।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. আ. মান্নান আরও জানান, অগ্নিকাণ্ডে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকায় পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









