দীর্ঘদিনের ভোগান্তি পেরিয়ে অবশেষে সংস্কারকাজ শুরু হয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের। গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থায় গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ নির্বাচনি এলাকায় সড়কটির সংস্কারকাজ উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছর ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণে উদ্যোগ নেবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এখন কাজ শুরু হয়েছে।’’
তিনি বলেন, ‘‘রহমতপুর থেকে মীরগঞ্জ পর্যন্ত সড়কটির নির্মাণ ও সংস্কারের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে। পাশাপাশি বাবুগঞ্জের প্রতিটি সড়ক আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে। পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’’
এ সময় বরিশালের প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে নতুন একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তার পরিকল্পনা অনুযায়ী, মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী ও বাবুগঞ্জ হয়ে ঢাকায় যাতায়াতের বিকল্প সড়ক নির্মাণ করা হবে। এটি বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের যাতায়াতে প্রায় এক ঘণ্টা সময় সাশ্রয় হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
সড়কটির সংস্কারকাজ উদ্বোধনকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









