সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে বসতবাড়ি থেকে গৃহবধূ মিম খাতুন (১৮) এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী ও মশিপুর উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের আ. রহিম সরকারের ছেলে।
নিহত সবুজের স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পাই আমরা।
অপরদিকে, মিম খতুনের পিতাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে কারণ তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, দুইটি হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধূ মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে।
তিনি জানান, অপরদিকে শুক্রবার (১০ জুলাই) সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত হয় এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুইটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









