অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘব এবং তাদের খাদ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় দফায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ) সাচনা বাজার ইউনিয়নে আয়োজিত কর্মসূচির আওতায় ইউনিয়নের ৭৫০ জন কৃষকের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। সরকারের এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন এবং সরকারের মানবিক সহায়তা যথাযথভাবে বিতরণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গুনেন্দ্র কুমার তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্য ইসলাম নুর, কাচা মিয়া ও মানিক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের এ দুর্দিনে সরকার মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত সহায়তার ব্যবস্থা করেছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছিলেন। সরকারের দেওয়া নগদ অর্থ ও চাল তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। এজন্য তারা সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস ও প্রেরণা জোগাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









