কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়ার পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক এ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
তিনি বলেন, ‘‘বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। শরিফপুর ইউনিয়নে প্রায় দুইশত পরিবারের মাঝে ৩ টন চালসহ শুকনো খাবার দিয়েছি এবং উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা আগামীকাল থেকে পৃথিম পাশা, টিলাগাওসহ বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।’’
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









