নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজ রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে পরিকল্পিত জনসংখ্যা ও তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু রায়হান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ ও প্রশংসনীয় অবদান রাখায় দুটি প্রতিষ্ঠান ও চারজন কর্মীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









