নওগাঁর বেসরকারি সংস্থা ‘সমতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ১৮০ কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে আমানত ও লভ্যাংশ ফেরত না পেয়ে শনিবার সকাল থেকে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শত শত ভুক্তভোগী গ্রাহক। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের খলিশাকুড়ি এলাকায় সমতার প্রধান কার্যালয়ের সামনে গ্রাহকেরা জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুরে শাহিনকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই দশক আগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সঞ্চয়, ডিপিএস ও বিভিন্ন মেয়াদি আমানত সংগ্রহ করত। প্রতি লাখ টাকায় মাসে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ সংগ্রহ করা হয়। গ্রামের সাধারণ মানুষ এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মেয়ের বিয়ে, সন্তানের লেখাপড়া ও ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে নিজেদের আজীবনের সঞ্চয় সেখানে জমা রেখেছিলেন।
অভিযোগ রয়েছে, করোনা মহামারির পর থেকেই প্রতিষ্ঠানটিতে আর্থিক সংকট শুরু হয় এবং ধীরে ধীরে গ্রাহকদের লভ্যাংশ দেওয়া বন্ধ হয়ে যায়। আমানত ফেরত চাইতে এসে গ্রাহকেরা বারবার কর্তৃপক্ষকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। একপর্যায়ে কার্যক্রম প্রায় গুটিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান নির্বাহী পরিচালক শাহিন। পরে ফিরে এসে তিনি ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে সব টাকা পরিশোধের আশ্বাস দেন। এর আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পেয়ে তিনি বকেয়া লভ্যাংশ পরিশোধের জন্য দফায় দফায় সময় চান। সর্বশেষ ২০২৬ সালের মার্চ মাসের সময়সীমাও পেরিয়ে গেলেও অর্থ পরিশোধ না করায় গ্রাহকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তারা বিক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষোভের সময় নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
ভুক্তভোগীরা জানান, আজীবনের সঞ্চয় ও আমানত আটকে যাওয়ায় অনেক পরিবার চরম দুর্দশায় পড়েছে। কেউ মেয়ের বিয়ে দিতে পারছেন না, কেউ চিকিৎসা ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিরাপত্তার স্বার্থে শাহিনকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









