গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক রাতেই শিয়ালের আক্রমণে অন্তত ১৪ জন নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন। শিয়াল লোকালয়ে ঢুকে পথচারী ও ঘরের ভেতরে থাকা মানুষকে কামড়ে আহত করায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন এবং শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে মো. আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)-এর নাম জানা গেছে। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরেই এলাকায় শিয়ালের বিচরণ বেড়ে গেছে। সন্ধ্যা নামার পর শিয়াল লোকালয়ে প্রবেশ করে মানুষকে আক্রমণ করছে। শনিবার রাতে একের পর এক এলাকায় শিয়াল রাস্তায় চলাচলরত মানুষকে কামড়ে আহত করে। এমনকি ভাংনাহাটি গ্রামের একটি বসতঘরে ঢুকে দুই নারীকে আক্রমণ করে।
গোসিঙ্গা ইউনিয়নের বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে এলাকায় শিয়ালের আনাগোনা অস্বাভাবিকভাবে বেড়েছে। সন্ধ্যার পর তারা লোকালয়ে চলে আসে। শনিবার রাতে রাস্তায় চলাচলের সময় কয়েকজনকে কামড়ে দেয়। এমনকি একটি বাড়িতে ঢুকে এক নারীকে আক্রমণ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশুরা এখন সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পাচ্ছে।
ভাংনাহাটি গ্রামের বাসিন্দা আব্দুল কাদির জানান, শনিবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামিল মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে ঢুকে শিয়াল দুই নারীকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে শিয়ালটি পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী আজগর সোহাগ বলেন, শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ১৪ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, লোকালয়ে বন্য প্রাণীর এমন বিচরণ জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিয়ালগুলোকে নিরাপদে বনাঞ্চলে ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









