প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বরিশাল নগরজুড়ে। তাকে স্বাগত জানাতে দিনভর পৃথক পৃথক আনন্দ মিছিল, সমাবেশ ও র্যালি করেছে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১২ জুলাই) সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দলীয় কার্যালয়গুলোতে জড়ো হন হাজারো নেতাকর্মী। পরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর পরিবেশে একের পর এক আনন্দ মিছিল বের করা হয়।
সকালে সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় থেকে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ারের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি আনন্দ র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক তারিণ, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এবং মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মজিবর রহমান সরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমরা বিশ্বাস করি, তার এই সফর দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন দিগন্তের সূচনা করবে। বরিশালবাসী তার কাছ থেকে ইতিবাচক বার্তা ও গুরুত্বপূর্ণ ঘোষণা প্রত্যাশা করছে।
বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহর নেতৃত্বেও নগরীতে পৃথক একটি স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাসের রহমতুল্লাহ বলেন, বরিশাল বিভাগের প্রতিষ্ঠার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসের অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানও দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে বরিশালে আসছেন বলে আমরা আশাবাদী।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের উদ্যোগে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে বরিশালের সংসদ সদস্য, দলীয় শীর্ষ নেতা এবং সংশ্লিষ্টদের নিয়ে সর্বশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সফরের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশালজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও নতুন উদ্যোগের ঘোষণা আসতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









