মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. রহিম বেপারীকে (৬৮) নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে চেয়ারম্যান আঃ রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে নিজ কক্ষে বসে ভদ্রাসন পরিষদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
দুপুর ১২টার দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদে অভিযান চালায়। পরে নাশকতা মামলার আসামি হিসেবে চেয়ারম্যান আঃ রহিম বেপারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের সময় পরিষদ কার্যালয়ে কিছু সময়ের জন্য উৎকণ্ঠা সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গ্রেফতার হওয়া আঃ রহিম বেপারী ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত নডু বেপারীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া নাশকতা মামলার তদন্ত চলমান রয়েছে। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “আঃ রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনে একটি মামলা রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে পুলিশ এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









