জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিকের চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগে সাবদুল্লা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাবদুল্লা ওই এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, লোকজনের উপস্থিতিতে এক ব্যক্তি জীবন্ত শালিকের চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় তাঁকে ৫০০ টাকার বাজি নিয়ে কথা বলতেও শোনা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। বন্য প্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাটি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









