বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন প্রতিবেশী দেশটির তরুণদেরও অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন নেহা বোরা।
ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা বলেছেন, বাংলাদেশের তরুণদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে তারা শিক্ষা নিচ্ছেন। দুই দেশের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইকে একসূত্রে গেঁথে দক্ষিণ এশিয়ার জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সম্মেলনে সংগঠনটির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি জানাই। আমরা আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিই, আপনাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে শিক্ষা নিই।’ বাংলাদেশের আন্দোলনকে ভারতের তরুণদের জন্য পথপ্রদর্শক হিসেবে তুলে ধরে নেহা বলেন, ভারতে যে জেন-জি আন্দোলন দেখা যাচ্ছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। এ জন্য বাংলাদেশের তরুণদের অভিনন্দন জানান তিনি।
ভিডিও বার্তায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে নেহা বলেন, ‘আমরা আপনাদের লাল সালাম জানাই।’ তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, বাংলাদেশের ছাত্র-তরুণদের আন্দোলন ভারতের ছাত্ররাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
নেহা বলেন, ভারতেও তরুণেরা গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিচ্ছেন এবং এসব আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রামের সঙ্গে ভারতের তরুণদের এই লড়াইয়ের মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দুই দেশের আন্দোলনকে বৃহত্তর আঞ্চলিক সংহতির ভিত্তি হিসেবে দেখছেন এই ছাত্রনেত্রী। তার ভাষায়, বাংলাদেশ ও ভারতের তরুণেরা একসঙ্গে লড়াই করে আরও ভালো দক্ষিণ এশিয়া এবং আরও ভালো একটি বিশ্ব গড়ে তোলার প্রত্যাশা করেন তারা।
নেহার এই বক্তব্য এমন এক সময় এল, যখন দক্ষিণ এশিয়ার তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ, গণতান্ত্রিক অধিকার এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় জবাবদিহির প্রশ্ন আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার বার্তায় বাংলাদেশের আন্দোলনের অভিজ্ঞতা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, প্রতিবেশী দেশের তরুণদের মধ্যেও তা প্রভাব ফেলছে; এমন একটি রাজনৈতিক বার্তা উঠে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









