প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান) পাবনা সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জনের গৌরব অর্জন করেছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাবনা সদর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট ৩৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৫২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৯ জন, অর্থাৎ মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। ফলে সংখ্যার বিচারে প্রতিষ্ঠানটি উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ এক বিবৃতিতে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি এ অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার মানোন্নয়ন ও মেধাবিকাশে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









