বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে হিজলা থেকে রওনা দেওয়া নেতাকর্মীদের বহনকারী একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়ে। পরে লঞ্চে থাকা যাত্রীদের তীরে আনতে গিয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৩ জুলাই) সকালে হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, ‘অভিযান-৫’ লঞ্চে করে নেতাকর্মীরা বরিশালে যাচ্ছিলেন। পুরাতন হিজলা লঞ্চঘাটের কাছে লঞ্চটি ডুবোচরে আটকে গেলে যাত্রীদের নামাতে একটি ট্রলার পাঠানো হয়। অতিরিক্ত যাত্রী ওঠায় ট্রলারটি ডুবে যায়। পরে স্পিডবোটে করে সবাই নিরাপদে বরিশালে পৌঁছে কর্মসূচিতে অংশ নেন।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘‘লঞ্চটি ডুবোচরে আটকে পড়ার পর যাত্রীবাহী ট্রলারে পানি ঢুকে সেটি ডুবে যায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









