‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা এবং জনসংখ্যা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, ‘‘দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
তিনি এ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নিজপাড়া ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করা হয়। এ স্বীকৃতির অংশ হিসেবে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









