দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা ছাড়াও যেকোনো মানবিক সংকটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান বর্ষা মৌসুমে কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়ার সীমান্তবর্তী অঞ্চলের ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) সকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে এক সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ নিয়মিত কর্মসংস্থান হারিয়ে চরম বিপাকে পড়েছেন। অনেক পরিবারেই দেখা দিয়েছে খাদ্যসংকট। এই মানবিক সংকটে সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে, যা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে ৪৭ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত অতিথিরা বিজিবির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নিয়োজিত একটি বাহিনী নয়, দেশের যেকোনো দুর্যোগ বা মানবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই বাহিনীর অন্যতম অঙ্গীকার। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি বন্যা, শৈত্যপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বিজিবি অব্যাহত রেখেছে।”
সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালু রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









