সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে পিরোজপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও জেলার সনাতন ধর্মাবলম্বী নেতাদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সিনিয়র নেতা ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি। আগামী দিনেও আপনাদের নিরাপত্তা ও সহযোগিতায় পাশে থাকতে চাই। রথযাত্রা উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন।”
জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে উদ্দেশ্যেই আজকের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা ও সদর উপজেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পিরোজপুর জেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপদ ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









