জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিরাই-এর আয়োজনে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। পরে ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দু রাজ্জাক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দু রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিরাজুল আশেকিন, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, ,এসআই সোহেল আহমেদ, দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দু রাজ্জাক বলেন, “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তোলাই মূল লক্ষ্য।”
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন, “গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানবজীবনের অস্তিত্বের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস তৈরি হলে তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার বলেন, “একটি গাছ একটি জীবনের সমান। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয় ভূমিকা রাখা।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার ১৬৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









