সড়কে এক নারীকে রক্ষা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান। দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি না-ফেরার দেশে পাড়ি জমালেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দিনাজপুরের চেক আপ ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের আলোকঝাড়ী ইউনিয়নের আশা অফিসসংলগ্ন এলাকায় হঠাৎ সড়কে উঠে আসা এক মহিলাকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
মো. আনিছুর রহমান শুধু একজন প্রধান শিক্ষকই ছিলেন না; তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রিয় অভিভাবক, সহকর্মীদের আস্থার প্রতীক এবং এলাকার একজন বিনয়ী ও মানবিক মানুষ। তার অকাল প্রয়াণে দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন সর্বস্তরের মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









