ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে পড়ে যাওয়া ছোট ভাই মাহমুদুল হাসানকে (৫) বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় বোন শরীফা খাতুন (৭)। এ ঘটনায় ভাই-বোন দুজনেই মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা ওই গ্রামের কৃষক শমশের আলীর সন্তান। দুজনকে হারিয়ে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে মাহমুদুল ও শরীফা বাড়ির পাশে বাবার বেগুন ক্ষেত দেখতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত ছোট ভাই মাহমুদুল পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। চোখের সামনে ভাইকে ডুবতে দেখে নিজেকে ধরে রাখতে পারেনি বড় বোন শরীফা। সাত বছরের শিশুটি নিজের জীবনের তোয়াক্কা না করে ভাইকে টেনে তুলতে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানা থাকায় একপর্যায়ে ভাই-বোন দুজনেই পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ পর আশেপাশে থাকা অন্য শিশুরা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করে এবং দৌড়ে গিয়ে পরিবারকে খবর দেয়।
পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরে তল্লাশি চালিয়ে ভাই-বোনের নিথর দেহ উদ্ধার করে। দুই সন্তানকে একসাথে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। পুরো গ্রামজুড়ে এখন কেবলই কান্নার রোল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









