মনে আছে সেই ফাতেমার কথা? ২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে রাস্তায় জন্ম হয় ফাতেমার। জন্মের সঙ্গে সঙ্গে ওই দুর্ঘটনায় মা, বাবা ও বোনকে হারায় শিশুটি। শিশুটির স্বজনদের আর্থিক সামর্থ্য না থাকায় সরকার তাকে জায়গা করে দেয় রাজধানীর ‘ছোটমণি নিবাসে’।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সেই ফাতেমার মা-বাবা ও বোনের মৃত্যুবার্ষিকী ও তার চতুর্থ জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে ত্রিশাল উপজেলা প্রশাসন।
উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় নিহত হন জাহাঙ্গীর আলম (৪২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) ও ছয় বছরের মেয়ে সানজিদা। সে সময় ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা রত্নার পেট ফেটে সড়কে জন্ম নেয় ফাতেমা। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায়।
বর্তমানে ফাতেমা ঢাকার আজিমপুর ছোটমণি নিবাসে সরকারি তত্ত্বাবধানে বেড়ে উঠছে। সেখানে তার লেখাপড়া, খেলাধুলা ও সার্বিক পরিচর্যার ব্যবস্থা রয়েছে।
জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ফাতেমার পরিবারের কল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়। এর মধ্যে রয়েছে ১০ লাখ টাকার এফডিআর, শুকনা খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল, তার বাবা-মা ও বোনের কবর বাঁধানোর উদ্যোগ, বাড়ির রাস্তা পাকাকরণের উদ্যোগ ও ফাতেমার লেখাপড়ার ব্যবস্থা ।
মৃত্যুর দুয়ার থেকে অলৌকিকভাবে ফিরে আসা ফাতেমা আজ আশা ও জীবনের প্রতীক। তার সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









