পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-২ পাবনা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন।
তিনি জানান, শুক্রবার (১৭ জুলাই) ভোর ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১২ এর অধিনায়ক, সিরাজগঞ্জের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. ফরিদ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার বাসিন্দা এবং ইসমাইল মৃধার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









