ময়মনসিংহের গৌরীপুরে পাওনা টাকা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে সাদির মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শান্ত পণ্ডিত ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাদির মিয়া উপজেলার কোনাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি মধ্যবাজারের কাঁচামালের ব্যবসায়ী। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতেই পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। পরদিন শনিবারও শহরে বিক্ষোভ মিছিল হয়। একপর্যায়ে দুপুরে সরকারপাড়া এলাকায় অভিযুক্ত শান্ত পণ্ডিতের বাড়িতে ভাঙচুর করেন বিক্ষুব্ধ লোকজন।
আহত সাদির মিয়ার ছোট ভাই ব্যবসায়ী হযরত আলী বলেন, প্রায় তিন বছর আগে তার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন শান্ত পণ্ডিত। এর মধ্যে ১৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা ফেরত দেওয়ার জন্য বারবার সময় নিচ্ছিলেন।
হযরত আলীর ভাষ্য, সম্প্রতি তিনি বকেয়া টাকার বিষয়টি শান্ত পণ্ডিতের বাবা গৌরাঙ্গ পণ্ডিতকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে গত বুধবার শান্ত পণ্ডিত তাঁকে গালিগালাজ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
হযরত আলী অভিযোগ করেন, “ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে মধ্যবাজার এলাকায় তাঁর বড় ভাই সাদির মিয়ার ওপর হামলা চালানো হয়। শান্ত পণ্ডিত ও তাঁর সহযোগীরা রামদা দিয়ে কুপিয়ে তাঁকে রক্তাক্ত জখম করেন।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শান্ত পণ্ডিতের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









