বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসে দেশের সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৫০ দিন পূর্ণ হয়েছে। সময়ের হিসাবে এটি দীর্ঘ সময় না হলেও একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের পরীক্ষা।
মাহদী আমিন বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার ও চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে জানানোকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে সরকার।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনার কাজ চলছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও শিক্ষা খাত পুনর্গঠনের কাজও চলমান রয়েছে।
তিনি বলেন, পাঁচ মাসের অর্জনকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জনগণকে সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী উল্লেখ করে মাহদী আমিন বলেন, জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতই আগামী দিনের পথচলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা।
বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আত্মত্যাগ করেছেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদাৎ স্বাধীনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









