চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে শোয়াইব হোসাইন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির ছেলে। সে মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলো।
প্রতিবেশী মো. শেখ ফরিদ জানান, দুপুরে অন্য আরো দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। খেলার ছলে তারা পুকুর ঘাটের এক অংশে ঢুকে অন্য অংশ দিয়ে পার হচ্ছিলো। প্রথম দুইজন পার হলেও সে কোন কারণে পুকুর ঘাটের নিচে আটকা পড়ে যায়। অন্যরা গোসল শেষে বাড়ি ফিরে গেলেও সে বাড়িতে না আসায় তারা আবার পুকুরে ফিরে যায়।
পরিবারের লোকজন তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ঘাটের নিচে তাকে দেখতে পায়। কিন্তু ততক্ষণে সে মারা যায়। দুই ভাইয়ের মধ্যে সে বড় ছিলো।
বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কতৃব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, দুপুরে গোসল করতে পুকুরে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার করি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









