গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
শনিবার (১৮ জুলাই) সকালে মহা নগরীর পূবাইল কলেজ গেট এলাকা থেকে উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ইছালী ব্রিজ সংলগ্ন এলাকাসহ পূবাইলের বিভিন্ন স্থানে রাস্তা প্রশস্তকরণ, কার্পেটিং, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ফুটপাত নির্মাণসহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “মানুষের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। আধুনিক ও টেকসই সড়ক, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে পূবাইলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি আরো বলেন, “সরকার পূবাইলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় গড়ে তুলতে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার প্রকল্পগুলো দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী আবু ছাঈদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আমান উল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, নজরুল ইসলাম, সদস্য সাখাওয়াত হোসেন খোকন, আলহাজ আসাদ হোসেন বুলবুল, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনগন।
স্থানীয়রা জানান, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পূবাইল থেকে গাজীপুর পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজট ও জলাবদ্ধতা কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









