বরিশালের মেহেন্দিগঞ্জে খালের সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা স্থাপনা অনতিবিলম্বে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে খালের ওপর এই অবৈধ দখলের চিত্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানকে সরকারি বিধি অনুসরণ করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার স্পষ্ট নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
স্থানীয় দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় মেহেন্দিগঞ্জের আদর্শ নগর ইউনিয়নে চলমান বেশ কিছু উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। সরকারি উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি পার্শ্ববর্তী ভাষানচর ইউনিয়নের দফাদারহাট এলাকার একটি পুরনো ও ঐতিহ্যবাহী খাল পরিদর্শনে যান।
সেখানে গিয়ে প্রতিমন্ত্রী দেখতে পান, খালের স্বাভাবিক গতিপথ রোধ করে এবং সরকারি আইন অমান্য করে খালের জমিতে বেশ কিছু অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর এই কঠোর নির্দেশনার পর দফাদারহাট খালের অবৈধ দখলদারদের তালিকা তৈরি এবং উচ্ছেদ অভিযান পরিচালনার আইনি প্রক্রিয়া ও আগাম প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে স্থানীয় প্রশাসন।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









