পাবনার আতাইকুলায় একটি বাগান থেকে আব্দুস শুকুর (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় সহ-সভাপতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার পেছনের কারণ সম্পর্কে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









