মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও ইভটিজিং কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, এগুলো সমাজ ও পরিবারের জন্যও বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’’ তিনি তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘‘বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে পরিবারকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত আদালত বা সহিংসতার পথে নয়, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে।’’
নগরকান্দা ও সালথার বাসিন্দাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘‘যাদের বাড়িতে সংঘর্ষে ব্যবহৃত ঢাল, সড়কি বা দেশীয় অস্ত্র রয়েছে, তারা যেন স্বেচ্ছায় থানায় জমা দেন। এখনই সময় মারামারি, অনলাইন জুয়া, ইভটিজিংসহ সবধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করে ছেলে-মেয়েদের শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার।’’
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘‘আমার সঙ্গে ঘনিষ্ঠতা আছে কিংবা আমার মঞ্চে বসেছেন—এ কারণে কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এমনটি ভাবলে ভুল করবেন। আইনের দৃষ্টিতে সবাই সমান।’’
তিনি আরও বলেন, ‘‘জনগণের পাশে থেকে তাদের সেবা করাই জনপ্রতিনিধিদের দায়িত্ব।’’
সংসদে ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন পাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘সুন্দর বাংলাদেশ গড়তে হলে মাদক, জুয়া ও পারস্পরিক সংঘাত থেকে দূরে থাকতে হবে। সমাজে কেউ শোষণ বা নির্যাতনের শিকার হলে ন্যায়বিচার পাওয়ার অধিকার তার রয়েছে। এজন্য থানায় এসে অভিযোগ করতে হবে। থানা-পুলিশ সকল মানুষের জন্য এবং নির্যাতিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও পুলিশের দায়িত্ব।’’
সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









