‘‘আমাদের পানি,আমাদের অধিকার’’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত হল ব্যাতিক্রমধর্মী ছায়া উপকূলীয় পানি সংসদ।
যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে বেসরকারি প্রতিষ্ঠান সিডো, বারসিক, এ্যাকশন এইডের সহায়তায় শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈমের সঞ্চালনায় পানি সংসদে প্রথম অধিবেশনে পানির সংকট ও সমাধান বিষয়ক প্রস্তাব এবং দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রস্তাবের উপর সরকারি দল ও বিরোধী দল সংসদীয়ভাবে বক্তব্য রাখেন।
ছায়া সংসদে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রী বক্তব্য পেশ করেন। একই সাথে সরকার দলীয় চিফ হুইপ, সরকার দলীয় হুইপ, বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, বিরোধী দলীয় হুইপ বক্তব্য রাখেন।
সংসদে সরকার ও বিরোধী দলের নেতৃবৃন্দ নিরাপদ পানির প্রাপ্যতা, দখলকৃত পুকুর, সরকারি সেবা প্রাপ্তি, টেকসই বেড়ী বাঁধ নির্মান, দুর্যোগ প্রস্ততিতে অবকাঠামো উন্নয়ন, ইউডিএমসি সক্রিয়করণ, তরুণ প্রতিনিধিত্ব, শিক্ষা ব্যবস্থা, নারী ও শিশুর যত্ন, জলবায়ু সহনশীল কৃষি, সরকারের বৃক্ষ রোপন কর্মসূচি, উপকূলীয় এলাকার জন্য বিশেষ বরাদ্ধের দাবি, উপকূলীয় বোর্ড গঠন, লবনাক্ততা দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, সুপেয় পানি প্রাপ্যতায় প্রয়োজনীয় সংখ্যাংক বৃষ্টির পানি সংগ্রহের ড্রাম বিতরণসহ অন্যান্য বিষয়ে সংসদীয়ভাবে স্পিকারের মাধ্যমে সংসদে তুলে ধরা হয়। সংসদে বিরোধীদলের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ সরকারি দলের নিকট বা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন জহুরা বিনতে জামান বনি এবং ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন মো. শাহিন ইসলাম। ছায়া সংসদে সরকারি ও বিরোধীদলের ৪০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ।
প্রথম অধিবেশন শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ বর্মন, সাউদান চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা ফরহাদ হোসেন, সিডোর কর্মকর্তা তৌহিদ হোসেন, বিদেশী পর্যবেক্ষক তাসফিয়া, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন।
দ্বিতীয় অধিবেশন শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা আরিফ সিদ্দিকী, মাসুদ পারভেজ অভি, জহুরা বিনতে জামান বনি, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার মন্ডল, বারসিকের কোস্টালের আঞ্চলিক সমন্বয়কারী শাহিন ইসলাম, সহকারী সমন্বয়কারী রাম কৃষ্ণ জোয়ারদ্দার প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেক অংশ গ্রহণকারী সংসদ সদস্যকে সনদপত্র প্রদান ও অতিথিবৃন্দ, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাকে ক্রেস্ট দেওয়া হয়। অংশগ্রহণকারী সংসদ সদস্যগণ সকলে প্রায় যুব প্রতিনিধিবৃন্দ ছিলেন।
জানা যায়, এই ছায়া সংসদের মূল দাবিগুলো মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









