অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর ফরিদপুরে এক কলেজছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই ১৭ বছর বয়সী আয়েশা আফরিনের মৃত্যু হয়েছে। যদিও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।
নিহত আয়েশা আফরিন সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তীব্র পেটব্যথা নিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল জারা প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। রাতে ভর্তি করার পর সাড়ে ১০টার দিকে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই আয়েশার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে রাত ৩টার দিকে তাকে শহরের টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মা আলেয়া বেগম বলেন, “আমার মেয়েকে সুস্থ অবস্থায় অপারেশন করাতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু চিকিৎসকের ভুলের কারণেই তাকে হারাতে হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পরিবারের দাবি, অস্ত্রোপচারটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জারি বিশেষজ্ঞ ডা. আতিকুল আহসান করেন। তবে এ অভিযোগ ওঠার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি তিনি।
এদিকে হাসপাতালটি সূত্রে জানা গেছে, অভিযোগের দায় হাসপাতালের নয়; বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি।
এ ঘটনার পর ১৮ জুলাই রাত আটটার দিকে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ফরিদপুরের সিভিল সার্জন হলেন ডাঃ মাহ্মুদুল হাসান বলেন, এখন পর্যন্ত আমি এ ঘটনার বিষয়টি জানতে পারিনি। তবে বিষয়টি যেনে তদন্তের মাধ্যমে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









