চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থাণে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় শহীদ সাগরসহ গণঅভ্যুত্থাণ এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়।
রবিবার (১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে শহীদ রেদোয়ান হাসান সাগরের দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শহীদ সাগর চত্বরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিএনপি নেতৃবৃন্দ।
পরে শহীদ সাগর চত্বরেই মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, ‘‘শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সৈনিকরা কোনো আধিপত্যবাদীর শক্তির কাছে মাথা নত করবে না। শহীদ সাগরসহ জুলাইয়ের গণঅভ্যুত্থাণ এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। কোনো অপশক্তি হত্যাকারীদের রক্ষা করতে পারবে না।’’
তিনি আরো বলেন, ‘‘ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অবৈধ অস্ত্র দিয়ে প্রকাশ্য গুলি চালায় খুনি হাসিনার দোসর ভোটবিহীন এমপি মোহিতুর রহমান শান্ত, ভোটবিহীন মেয়র ইকরামুল হক টিটু এবং কুখ্যাত আমিনুল হক শামীম। এতে কলেজছাত্র রেদোয়ান হাসান সাগর গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হয় অসংখ্য সাধারণ মানুষ। অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









