কক্সবাজারের চকরিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন (৩৯) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামের শামসুল আলমের ছেলে। আহত অপর দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত ইমাম হোসেন মারা যান। আহত অপর দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যুর হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









