নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করা এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে শ্রেণীকক্ষে যাওয়ার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং স্থানীয় পাঁচবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকশত শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা খেলার মাঠ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। ফারুক ও হানিফ নামের দুই প্রভাবশালী ও তাদের লোকজন বছরের পর বছর ধরে মাঠের জমি দখল করে সেখানে ধান, পাট ও গম শুকানোর কাজ করছেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা খেলাধুলার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা আরও জানান, মাঠের জমি ফেরত চাইলে এবং সেখানে ধান-পাট শুকাতে নিষেধ করলে উল্টো প্রভাবশালী মহলের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক ও বসা হলেও প্রভাবশালীরা কোনো সিদ্ধান্তই মানেননি। কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ দুই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীরা অবিলম্বে খেলার মাঠটি সম্পূর্ণ দখলমুক্ত করে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









