শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে নীলফামারীর সৈয়দপুরে ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ফুটবল, খেলার সামগ্রী, ফার্স্ট এইড বক্স ও ১০টি বিদ্যালয়ে মিনি গোলবার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে এসব শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদ্যালয় গুলোর প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য বিলকিস ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি কাজী একরামুল হক, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা মতিউর রহমান মতি ও সাইদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া চর্চার সুযোগ আরও বাড়াতে হবে।
উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল, অন্যান্য খেলার সামগ্রী এবং ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। তাছাড়া মাঠ থাকায় ১০টি বিদ্যালয়ে মিনি গোলবার দেওয়া হয়েছে। পর্যাক্রমে তা অন্যান্য বিদ্যালয়েও দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে এবং বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও নিশ্চিত হবে। ভবিষ্যতেও শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বৃদ্ধি পেলে শিশুদের শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে। পাশাপাশি বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স থাকায় ছোটখাটো দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। দেশের প্রাথমিক শিক্ষায় সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে সরকার নিয়মিত ক্রীড়া ও শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









