সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন মহাসড়কে যানজট ও মারাত্মক সড়ক দুর্ঘটনা এড়াতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
হাইওয়ে ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মহাসড়কে আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালানো যান বাহনগুলোর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
রবিবার (১৯শে জুলাই) দুপুরে থেকে শুরু হওয়া এই অভিযানে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময় আইন অমান্য করে উল্টো পথে আসা বেশ কিছু মোটরসাইকেল, থ্রি-হুইলার আটক ও ট্রাফিক আইনে মামলা দেওয়া হয় ।
হাটিকুমরুল মহাসড়কটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানে সার্বক্ষণিক যানবাহনের তীব্র চাপ থাকে। সাম্প্রতিক সময়ে কিছু অসচেতন চালক দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মহাসড়কের উল্টো পথ (রং সাইড) ব্যবহার আসছিল। এতে করে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল এবং সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। সাধারণ যাত্রী ও চালকদের নিরাপত্তার স্বার্থেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মো:সাইফুল ইসলাম খান জানান, মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। আমরা চালকদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। মহাসড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
এসম উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম আলী, সার্জেন্ট রাব্বি ও ট্রাফিক জিয়াউর রহমানসহ হাটিকুমরুল হাইওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যরা।
এদিকে পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









