পটুয়াখালীর জৈনকাঠিতে গৃহবধূ তানিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসী।
রবিবার (১৯ জুলাই) দুপুরে পৌর শহরের ঝাউতলা এলাকার হৃদয় তরুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন তানিয়ার স্বজন ও জৈনকাঠি এলাকার বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন লাখ টাকা যৌতুক না পেয়ে গত ১৫ জুলাই গৃহবধূ তানিয়াকে অমানবিক নির্যাতন করে হত্যা করেছে স্বামী কামাল হোসেনসহ অন্যরা। হত্যাকারীরা বর্তমানে পলাতক রয়েছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও অনতিবিলম্বে বিচার করাসহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নারী নির্যাতনকারী ও হত্যাকারীরা রেহাই পেলে সমাজে এমন ঘটনা ঘটতেই থাকবে। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









