সুনামগঞ্জের মধ্যনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অর্জুন হাজং (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত অর্জুন হাজং ওই গ্রামের মৃত উপেন্দ্র হাজংয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহিদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় এলাকাবাসী অভিযুক্ত অর্জুন হাজংকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশনায় এসআই আমির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।
শিশুর মা শিউলি বেগম বাদী হয়ে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভিকটিমের মায়ের এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









