ময়মনসিংহের গৌরীপুরে বাড়ি ফেরার পথে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগার মোড়সংলগ্ন একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ওই ইউনিয়নের পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে ডেংগার মোড় এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন আব্দুল মান্নান। স্থানীয় মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করার পর সড়কের পাশে একটি কচুখেতে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
আব্দুল মান্নানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন হত্যাকাণ্ডে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে। কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









