সাতক্ষীরা সদর উপজেলায় মো. সুমন হোসেন (৩২) নামের এক গাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডিপের মাঠ সংলগ্ন মাছের ঘের থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাগুরা কৈখালী এলাকার ডিপের মাঠে কেসমতের মাছের ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘেরের পানি থেকে মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









