সিরাজগঞ্জের কাজিপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ি পাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হযরত আলী তার বাড়ির পাশে জমে থাকা পানিতে ‘চায়না দুয়ারি’ জাল দিয়ে মাছ ধরতে যান। জাল তোলার সময় তিনি দেখতে পান ভেতরে একটি সাপ আটকে রয়েছে। সাপটি জাল থেকে ছাড়াতে গেলে অসাবধানতাবশত সেটি তাকে কামড় দেয়।
নিহতের প্রতিবেশী আব্দুস সালাম জানান, প্রথমে সাপটিকে নির্বিষ ‘ঢোঁড়া সাপ’ ভেবে তেমন গুরুত্ব দেননি হযরত আলী। কিন্তু কিছু সময় পর শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি আধুনিক চিকিৎসার বদলে স্থানীয় এক ওঝার শরণাপন্ন হন। সেখানে ঝাড়ফুঁকে সময় ক্ষেপণ করায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
অবস্থা আশঙ্কাজনক দেখে স্বজনেরা তাকে যমুনা নদী পার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের মধ্যে সাপটির পরিচয় নিয়ে নানা গুঞ্জন রয়েছে। কেউ এটিকে ‘দাঁড়াশ’ আবার কেউ বিষধর ‘রাসেলস ভাইপার’ (চন্দ্রবোড়া) বলে ধারণা করছেন। তবে চিকিৎসক বা বন বিভাগের পক্ষ থেকে সাপটির প্রজাতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রাসেল জানান, রোগীকে আমাদের কাছে প্রায় ছয় ঘণ্টা দেরিতে আনা হয়েছিল। ততক্ষণে বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমরা প্রাথমিক অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেছিলাম। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনলে রোগীকে বাঁচানো সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









