সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলার উন্নয়নে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় মাদক সমস্যার ভয়াবহতা তুলে ধরে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, ‘‘মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, ইমাম, জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘‘মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত বেলকুচি গড়তে সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে সমন্বয় সভা করার নির্দেশ দেন।’’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. নাহিদা ইয়াসমিনসহ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









